আলজাজিরা
ইরানের সাথে চলমান সামরিক সঙ্ঘাত মার্কিন সেনাদের চরম প্রাণঝুঁকিতে ফেলছে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও নেতৃত্বের কড়া সমালোচনা করেন।
এক্স বার্তায় শুমার উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প পুরো দেশকে একটি বেআইনি যুদ্ধে টেনে নিয়েছেন এবং সেই অবৈধ লড়াইয়ে তিনি ধারাবাহিকভাবে হেরে যাচ্ছেন; অথচ সঙ্কট থেকে বের হয়ে আসার কোনো পথও তার জানা নেই। শুমার আরো বলেন, সুনির্দিষ্ট কৌশল, দূরদর্শিতা ও গুরুত্বসহকারে আলোচনার দক্ষতার চরম অভাবের কারণে এক দিকে যেমন মার্কিন সৈন্যরা যুদ্ধক্ষেত্রে বিপন্ন হচ্ছে, অন্য দিকে সাধারণ আমেরিকানদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্পূর্ণ ব্যর্থ হিসেবে চিহ্নিত করে সিনেটর শুমার যোগ করেন, ট্রাম্পের নেতৃত্ব চরম বিপর্যয় এনে দিয়েছে। অবিলম্বে এই অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধ করে তিনি এ পর্যন্ত যে পরিমাণ ক্ষতিসাধন করেছেন, তা দ্রুত কাটিয়ে ওঠার উদ্যোগ নেয়া জরুরি।



