ক্রীড়া ডেস্ক
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ে হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুসারে বেলা ৩টার দিকে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে।
এর আগে গুঞ্জন ছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে এই সপ্তাহান্তে বিয়ে করবেন তারা। তবে পরে জানা যায়, নির্ধারিত সময়জুড়ে এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এরপরই সেই গুঞ্জনের অবসান ঘটে এবং মাদেইরাকে সম্ভাব্য বিয়ের ভেন্যু হিসেবে নিশ্চিত করা হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে দ্য সান আরো জানিয়েছে, স্যাভয় প্যালেস হোটেলের অতিথিদের আগেই জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দু’টি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে। ধারণা করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান নির্বিঘœ করা এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। ফুনচাল শুধু বিয়ের স্থানই নয়, রোনালদোর জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শহর। এখানেই তার জন্ম ও শৈশব কেটেছে। শহরে তার সম্মানে নির্মিত হয়েছে একটি ব্রোঞ্জের ভাস্কর্য, পাশাপাশি রয়েছে তার মালিকানাধীন একটি হোটেলও।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে জর্জিনার সাথে তার পরিচয় হয়। সে সময় ওই স্টোরেই কাজ করতেন জর্জিনা। পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি ইয়টে দু’জনকে হীরার আংটি পরা অবস্থায় দেখা যাওয়ার পর বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়। বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।



