হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ শাহবাগ অবরোধের হুঁশিয়ারি

Printed Edition
হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ : নয়া দিগন্ত
হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সাথে আগামী শুক্রবারের মধ্যে সরকার হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও বিচার নিশ্চিতের রূপরেখা দিতে ব্যর্থ হলে জনগণকে সাথে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল মসজিদ প্রাঙ্গণ থেকে শহীদ ওসমান হাদির সমাধিস্থলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস পার হলেও ওসমান হাদি হত্যার বিচার নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন করতে পারেনি। তিনি বলেন, “সরকার বারবার বলছে হত্যাকারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কিন্তু এই প্রক্রিয়া কেয়ামত পর্যন্ত চলবে কি না, সেটাই আমরা জানতে চাই।”

আবদুল্লাহ আল জাবের আরো বলেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টির সত্যতা যাচাই করা।

তবে সরকারের সংশ্লিষ্টদের বক্তব্যে এ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব দেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমাদের পক্ষ থেকে আর কোনো নতুন দফা বা আলটিমেটাম থাকবে না। এখন আলটিমেটাম দেবে সরকার। আমাদের যদি আবার কোনো দফা দিতে হয়, সেটি হবে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি।”

জাতিসঙ্ঘের অধীনে সম্ভাব্য তদন্ত প্রসঙ্গেও সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান জাবের।

তিনি বলেন, “জাতিসঙ্ঘ তদন্তে সম্মত হয়েছে নাকি তা প্রত্যাখ্যান করেছে, সেটি সরকারকে জনগণের সামনে পরিষ্কার করতে হবে।” হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারকে পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কিভাবে দ্রুততম সময়ে এই হত্যার বিচার সম্পন্ন করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।”

সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।