সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে গত শুক্রবার মধ্যরাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটে। ককটেল বিস্ফোরণের সময় ওয়ার্ড কার্যালয়টি সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় ছিল। খবর পেয়ে ককটেলের বিকট শব্দ শুনে বিএনপি নেতারা এবং টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরিত আলামত সংগ্রহ করে। তবে ঘটনাটি গভীর রাতে ঘটায় কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত জব্দ করা হয়েছে। অফিস তালাবদ্ধ থাকায় অপ্রীতিকর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটিতে থানায় কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। খুলনা ব্যুরো

বিমানবন্দরে হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরের চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার প্রধান আসামি মো: জামাল হোসেনকে (২৩) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৪ এপ্রিল দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিলন হাওলাদারকে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে রাজাপুর থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত জামাল পলাতক ছিলেন। গত শুক্রবার বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে রাতে রাজাপুর থানায় হস্তান্তর করে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস জানান, দুই নম্বর এজাহারভুক্ত হলেও তদন্তে জামালই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়। গ্রেফতার জামালকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠি প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে অবৈধ ইজিবাইক বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে সফল বৈঠকের পর এ ঘোষণা দেন পরিবহন নেতারা। গতকাল শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় মারাত্মক দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে বৈঠকে বসে। বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে এলাকাভিত্তিক ইজিবাইকের নির্দিষ্ট রঙ নির্ধারণ এবং শৃঙ্খলার আশ্বাস দেয়া হলে ধর্মঘট তুলে নেয়া হয়। চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, জেলা প্রশাসকের আশ্বাসে জনভোগান্তি এড়াতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন নির্ধারিত সময়ে রঙ না করলে এবং নিয়ম অমান্য করলে ইজিবাইকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জুয়েলার্সে হামলা ও স্বর্ণ লুট

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জুয়েলার্স দোকানে ঢুকে ব্যবসায়ী দ্বীপ হাসানকে ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এতে আহত দ্বীপ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সন্ধ্যায় সান্তাহারে মাসুদ জুয়েলার্সে পূর্বশত্রুতার জেরে হামলা চালায় অভিযুক্ত রানা খান ও তার সহযোগীরা। ধারালো চাকুর আঘাতে আহত হন ব্যবসায়ী দ্বীপ। পরে হামলাকারীরা দোকান ভাঙচুর করে প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়, যার আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা। চিকিৎসা শেষে আহত ব্যবসায়ী গতকাল শনিবার আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান, মামলা দায়ের করা হয়েছে। জোর তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।

৪৮ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৪৮ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বান্দরকাটা সীমান্ত এলাকায় ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরকাটা এলাকায় নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়। চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে এনে সীমান্ত পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ডিসপ্লেগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সরঞ্জামগুলো জব্দ করে বিজিবি টহল দল। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ও সীমান্ত অপরাধ দমনে তাদের কঠোর টহল অভিযান অব্যাহত থাকবে। ময়মনসিংহ অফিস

৯ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক

টাঙ্গাইলের দেলদুয়ারে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো: আনোয়ার হোসেন (৪২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলিমপুর সিএনজি স্টেশন এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক আনোয়ার টাঙ্গাইল সদরের চরপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় একই দিন রাতে দেলদুয়ার থানায় র‌্যাাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, র‌্যাব সদস্য আনোয়ারকে থানায় সোপর্দ করে এজাহার দায়ের করেছে। উপজেলাকে মাদক মুক্ত করতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রাখা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা।

অবৈধ ড্রেজারসহ আটক ৩

কিশোরগঞ্জের নিকলীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করেছে নৌপুলিশ। উদ্ধার করা হয়েছে ব্যবহৃত ড্রেজারটি। গত শুক্রবার ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের বোয়ালিয়া নদীতে অবৈধভাবে বালু তোলার সময় নৌপুলিশের হাতে ধরা পড়েন তারা। পরে তাদের নিকলী থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নিকলীর মিজান ও রোমান মিয়া এবং করিমগঞ্জ উপজেলার মো: রাকিব। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। নিকলী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী ও জলাশয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে তাদের এমন পুলিশি ও আইনি অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

বিপুল অবৈধ মালামাল আটক

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৯ লাখ ২ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। গতকাল শনিবার বিজিবির ফুলবাড়ী, আনন্দবাস, নাজিরাকোনা ও বারাদী বিওপির টহল দল নিজ নিজ সীমান্তে অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজা, ৭০ বোতল মদ, বিপুল পরিমাণ জীবনরক্ষাকারী ও যৌন উত্তেজক ট্যাবলেট এবং ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পথে অবৈধ পাচারকালে এসব চোরাচালানি মালামাল আটক করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হাসান জানান, সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।