এনডিটিভি
ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংস্কারকাজ চলার সময় গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর ধসে পড়া কাঠামোর নিচে এখনো বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পাওয়ারলুম শিল্প এলাকা ভিওয়ান্ডির বালাজি নগরে অবস্থিত ‘কোহিনুর বিল্ডিং’ নামের ওই বহুতলের একটি অংশ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রচণ্ড শব্দে ধসে পড়ে।
পৌরসভা সূত্রে জানা যায়, চারতলা এই ভবনের প্রতি তলায় ১২টি করে মোট ৪৮টি কক্ষ রয়েছে। কাঠামোটি জরাজীর্ণ হয়ে পড়ায় স্থানীয় পৌরসভা আগেই এটিকে অত্যন্ত ঝুঁঁকিপূর্ণ ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল।
উদ্ধারকর্মীদের এক প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভবনে বিকট ফাটলের শব্দ পান অধিবাসীরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্যোগ নিয়ে অনেক পরিবারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরাতে সহায়তা করেন। তবে কিছু পরিবার বেরিয়ে আসার চেষ্টা করার সময়েই রাত সাড়ে ১১টা নাগাদ ভবনটির ‘বি’ অংশটি সম্পূর্ণ ধসে পড়ে।



