পূর্ব জুরাইনে বাসচালককে কুপিয়ে হত্যা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্ব জুরাইনে পূর্বশত্রুতার জেরে বাসচালক আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবারন গলির পপি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই আব্দুল হাশেম জানান, বৃহস্পতিবার রাতে পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কুদ্দুস। তখন বিদ্যুৎ ছিল না। এ সময় আট থেকে ১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানের ভিতর ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারছি না।

কদমতলী থানার ওসি মো: আশরাফুজ্জামান নয়া দিগন্তকে বলেন, টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে ঢুকে কুদ্দুস নামে ওই ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।