চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি রুবেলের মৃত্যুদণ্ড

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় শিশু আবিদা সুলতানা আয়নী ওরফে আঁখি মনি হত্যা মামলায় একমাত্র আসামি মো: রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ আরবি পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় ১০ বছর বয়সী আয়নী। নিখোঁজের আট দিন পর আদালতে মামলা হলে আসামি রুবেলকে গ্রেফতার করে পিবিআই। তার দেয়া তথ্য ও দেখানো মতে ২৯ মার্চ ভোরে একটি জলাশয় থেকে বস্তাবন্দী অবস্থায় আয়নীর লাশ উদ্ধার করা হয়।

মামলার অভিযোগ ও তদন্ত অনুযায়ী, বিড়ালছানা দেয়ার প্রলোভন দেখিয়ে আয়নীকে একটি খালি ভবনে নিয়ে যায় রুবেল। সেখানে যৌন নির্যাতনের চেষ্টা ও হত্যার পর লাশ গুম করা হয়। ওই বছরের ২৮ মার্চ আয়নীর মা বিবি ফাতেমা বাদি হয়ে আদালতে মামলা করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ, ডিএনএ প্রতিবেদন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং ২৪ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়। এসব প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

২০২৪ সালের ১৯ নভেম্বর রুবেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ২০২৫ সালের ১০ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে মোট ২৪ জনের সাক্ষ্য নেয়া হয়। পরে ২০২৬ সালের ২৭ এপ্রিল মামলায় পুনরায় অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ সাড়ে তিন বছরের বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হলো।

আয়নীর মামলা পরিচালনাকারী আইনজীবী গোলাম মওলা মুরাদ নয়া দিগন্তকে বলেন, আয়নীর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এ মামলার রায়ের অপেক্ষায় ছিলেন। রুবেলের মৃত্যুদণ্ডের রায়ে পরিবার ও মামলার সাথে সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।