ক্রীড়া ডেস্ক
আগের ম্যাচে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রেকর্ড গড়ে টানা পাঁচ উইকেট মেডেন নেয়া জাস্টিন গ্রেভস এবার ব্যাট হাতে ভোগালেন পাকিস্তানকে। পাঁচ উইকেট হারিয়ে ৭৪ ওভারে ২৩৯ রানে প্রথম দিন শেষ করেছিল স্বাগতিকরা। উইকেটে ছিলেন ৬৪ রানে গ্রেভস ও ৩৬ রানে অধিনায়ক রোস্টন চেজ। তবে দ্বিতীয় দিনে আর নিজেকে মেলে ধরতে পারলেন না এই অলরাউন্ডার। ব্যক্তিগত ৯ রান যোগ করেই আলী উসমানের বলে আউট হয়ে ৭৩ রান নিয়ে সাজঘরে ফেরেন গ্রেভস। উবায়েদ শাহর বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ৭০ রান করা চেজও।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে শুরু হওয়া টেস্টে এখন পর্যন্ত ৯৮ ওভার শেষে ৮ উইকেটে ৩২৩ রান সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ রানে কেমার রোচ আর অপর প্রান্তে ব্যাটিংয়ে ছিলেন জোমেল ওয়ারিকান। পাকিস্তানের হয়ে দু’টি করে উইকেট নেন মোহাম্মদ আলী, উবায়েদ শাহ ও আলী উসমান।



