পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

Printed Edition
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সদস্যদের কড়া পাহারা : নয়া দিগন্ত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সদস্যদের কড়া পাহারা : নয়া দিগন্ত

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রম সীমান্তে তিন ভারতীয় নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। শনিবার ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া মদিরবাড়ি সীমান্তের ৮৩৩ মেইন পিলারের ৯ এস পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। তবে একই সীমান্ত দিয়ে পাঁচ ভারতীয় নাগরিক বিজিবির চোখ ফাঁকি দিয়ে ট্রেনযোগে বাংলাদেশে ঢুকে পড়েছে বলে স্থানীয়রা দাবি করেছে।

স্থানীয়রা জানায়, ভারতের ৯৮ বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে শনিবার ভোররাতে তিন ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এলাকাবাসী টের পেয়ে তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দিয়ে ধবলসুতী বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে আবার ভারতে পাঠিয়ে দেয়। ওই তিন নারী বর্তমানে সীমান্তের নোম্যানস ল্যান্ডে অবস্থান করছে। একই দিন ভোর ৫টার দিকে পাঁচ সন্দেহভাজন ভারতীয় নাগরিককে ট্রেনে উঠতে দেখে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে তাদের ষোলঘড়িয়া বামনদল সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তবে এক অনলাইন সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, তারা সকলেই বাংলাদেশের নাগরিক। কয়েক বছর আগে তারা কাজের খোঁজে ভারতে গিয়েছিল। তারা অভিযোগ করে বর্তমানে ভারতে বাংলাভাষাভাষি মুসলিমদের ওপর খুব অত্যাচার নির্যাতন চলছে। এদের মধ্যে আকরাম নামে এক ব্যক্তি জানান, তার সাথে থাকা এক নারীসহ তাদের বাড়ি খুলনা জেলার তেরখাদা থানার বারাসাত গ্রামে। এবং অপর তিনজনের বাড়ি নড়াইল জেলার সদর থানায়। এরা হলো আকরাম (৪৬), নাজমা (২৫) ও শেখ রাবেয়া (৪০) এরা কয়েকজন ট্রেনে নিজ গন্তব্যে চলে গেছে বলে স্থানীয়রা দাবি করেছে।