এসএসসির ফলাফল পুনঃমূল্যায়নে রেকর্ড আবেদন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

এবার এসএসসির ফলাফলে সন্তুষ্ট হতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী। ফলে অতীতের যেকোনো বছরের তুলনায় এবার ফল প্রকাশের পরপরই উত্তরপত্র পুনঃমূল্যায়নের হিড়িক পড়েছে। মাত্র চার দিনের মধ্যেই সোয়া তিন লাখ শিক্ষার্থী তাদের উত্তরপত্র চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। নির্ধারিত বাকি আরো দুই দিনে উল্লেখযোগ্য শিক্ষার্থী আবেদন করবে বলেও শিক্ষাবোর্ড সূত্র ধারণা করছে। সূত্র জানায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ফলে অসন্তুষ্টদের খাতা চ্যালেঞ্জের অনলাইন আবেদন গ্রহণ চলছে। এ কার্যক্রম শুরু হয়েছে ১১ আগস্ট । গত চারদিনে তিন লাখ ১২ হাজার খাতা চ্যালেঞ্জের আবেদন করা হয়েছে। গতকাল শনিবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সূত্র আরো জানায়, খাতা চ্যালেঞ্জের জন্য ১৪ আগস্ট রাত ১১টা পর্যন্ত তিন লাখের ওপর আবেদন পড়েছে। আমরা গতকাল শুক্রবার হওয়া সত্ত্বেও এ আপডেট চেক করেছি। শেষ যখন জেনেছি তিন লাখ ১২ হাজারের মত।

প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১০ আগস্ট। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশে। জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এ পরীক্ষার ফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জের সুযোগ রাখা হয়েছে। ১১ আগস্ট খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। ১৭ আগস্ট পর্যন্ত খাতা আবেদন করা যাবে। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এবার অসন্তুষ্ট পরীক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সারা দেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং মোট জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।