নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীতে এক শিক্ষকসহ বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন।
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটরায় মনসুর আহমেদ আজাদ (২৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। হিনত মনসুর আহমেদ আজাদ বাঁশখালীর বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মাওলঅনা মোক্তার আহমদের ছেলে। তিনি কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক এবং নিজস্ব একটি কোচিং সেন্টারের পরিচালক ছিলেন। বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে গিয়ে দুর্ঘটনায় পতিত হলে বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনারস বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে মহাসড়কের টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে পিকআপ চালক মোহাম্মদ আলী (৩৫) ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আনারসের মালিক ব্যবসায়ী মোঃ মনির খলিফা (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে আনারস বোঝাই একটি পিকআপ ( ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) ঢাকা যাচ্ছিল। পথে সোনারগাঁওয়ে টিপরদী এলাকা অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করলে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটি রাস্তায় উল্টে গিয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা পিকআপ চালক ও আনারসের মালিক গুরুতর আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছে। আহত হয় আরো একজন। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম মো: রবিউল হোসেন (৫০)। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকে। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে চালকের সহকারী আটকা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় ট্রাকের চালকও আহত হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শরিফুজ্জামান বলেন, ভোরে সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপার মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মোঃ খালেক হাওলাদার (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খালেক হাওলাদার রাস্তা পার হওয়ার সময় ঝালকাঠি থেকে আসা নীল রঙের একটি বিদ্যুৎ বিভাগের গাড়ি (স্থানীয়দের ভাষ্যমতে পল্লী বিদ্যুৎ/ওয়েস্ট পাওয়ার জোন) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


