আমদানি-রফতানি বন্ধ
ভারতীয় ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা ও বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার সকাল থেকে সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ভারতের রফতানিকারক সংগঠন চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানায়। বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তের কারণে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ সময় বাণিজ্য বন্ধ থাকলে উভয় দেশের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তবে পণ্য পরিবহন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দিনাজপুর প্রতিনিধি।
গাছ কাটা নিয়ে আহত ৭
নাটোরের বড়াইগ্রামে ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমির গাছ কাটাকে কেন্দ্র করে আপন চাচাতো-জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার কুমরুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম ও মোক্তার হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গত শনিবার রেজাউল করিম গাছ কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষে রাশিদা বেগম, রেজাউল করিম, মিনা বেগম, নার্গিস বেগম, রফিকুল ইসলাম, সাহাবুল ইসলাম ও জয়পুরহাট থানায় কর্মরত উপপরিদর্শক জাকির হোসেন আহত হন। উভয় পক্ষই জমি ও গাছ নিজেদের বলে দাবি করেছে। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১৯০
সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গতকাল রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে দুইজন, হবিগঞ্জে দুইজন এবং জকিগঞ্জে একজন রয়েছেন। বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসাধীন। ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত শনাক্ত ১৯০ জনের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৮৬ জন এবং সিলেটে ৩৮ জন আক্রান্ত হয়েছেন। এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি; জমে থাকা বৃষ্টির পানি অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিলেট ব্যুরো।
বিদ্যালয়ে ফ্যান ও সিসি ক্যামেরা চুরি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ছুটির সুযোগে বিদ্যালয় থেকে ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসে জানানো হলে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ জানান, গত বৃহস্পতিবার ছুটির পর সব শ্রেণীকক্ষ তালাবদ্ধ করা হয়েছিল। গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে গতকাল রোববার সকালে এসে দেখা যায় তিনটি শ্রেণীকক্ষের দরজা খোলা। চোরেরা কক্ষগুলো থেকে ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী জানান, খবর পেয়ে প্রধান শিক্ষককে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
লালপুরে ২ ইমো হ্যাকার গ্রেফতার
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপসের আইডি হ্যাকিং চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে প্রতারণ কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। লালপুর থানার সাব ইন্সপেক্টর মো: আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল মহারাজপুর ঘোষপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আটককৃত তাসকিন আহম্মেদ সুইটের (১৮) তথ্যের ভিত্তিতে সাজদার রহমানের ছেলে সেলিমকে (২২) গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। লালপুর (নাটোর) সংবাদদাতা।
কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের ঈদগাহ মাঠে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ‘পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে কৃষি উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে আম, লিচু, কদবেল, লেবু, পেয়ারা ও নিমের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো: শহিদুল ইসলাম বাবুল। অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: খায়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, এ চারা বিতরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে এবং কৃষকদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা।
৮৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
পটুয়াখালীর গলাচিপায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন কৃতী শিক্ষার্থীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. লতিফ মাসুম, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো: হাফিজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।
এমসি কলেজে শহীদ রুমী স্মরণ
১৯৭১ সালের শহীদ শাফী ইমাম রুমী স্মরণে সিলেট এমসি কলেজে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসের শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের নেতারা শহীদ রুমীর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সুমিত কান্তি পিনাক ও কলেজ শাখার সংগঠক দোয়েল রায়। বক্তারা বলেন, বৈষম্যহীন দেশের স্বপ্নে রুমী বিলাসী জীবন ছেড়ে গেরিলা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু স্বাধীনতার এতদিন পরও শিক্ষার অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত হয়নি। শহীদ রুমীর আদর্শকে ধারণ করে বৈষম্যহীন সমাজ ও বিপ্লবী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা। বিজ্ঞপ্তি।



