ইউক্রেনের সাথে সমঝোতার সম্ভাবনা নাকচ পুতিনের

Printed Edition

রয়টার্স

রণাঙ্গনে রুশ বাহিনী প্রতিনিয়ত জয় ছিনিয়ে এনে ইউক্রেনীয় সেনাদলকে বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য করছে বলে জোরালো দাবি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একই সাথে কিয়েভের বর্তমান নেতৃত্বকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়ে তাদের সাথে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার সম্ভাবনা তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।

গত মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেয়া এক বিস্তৃত বক্তব্যে পুতিন স্বীকার করেন যে, রাশিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডে ইউক্রেনীয় ড্রোন হামলা বাস্তবসম্মত ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং এই ড্রোন প্রযুক্তি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আধিপত্য বজায় রয়েছে দাবি করে তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, শত্রুবাহিনী নিশ্চিতভাবেই ভেঙে গুঁড়িয়ে যাবে। তবে এই সাফল্য অর্জনে কত সময় লাগবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি তিনি। পাশাপাশি রাশিয়ায় আবার নতুন করে সামরিক মোবিলাইজেশন বা সৈন্য সমাবেশের গুঞ্জনকে সম্পূর্ণ ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সাড়ে চার বছরের দীর্ঘ এই সঙ্ঘাতময় যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ওয়াশিংটন ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি প্রচেষ্টা থমকে যায়। দীর্ঘায়িত যুদ্ধ নিয়ে রাশিয়ার জনগণের ক্লান্তি এবং অর্থনৈতিক চাপের বিষয়ে বিভিন্ন প্রভাবশালী মহলের সতর্কবার্তার মধ্যেও পুতিন আত্মবিশ্বাসী মনোভাব বজায় রাখেন। যুদ্ধক্ষেত্রের চিত্র তুলে ধরে তিনি জানান, আগস্ট মাসেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এলাকার প্রায় ২৭০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে রুশ সেনারা।