সিলেট ব্যুরো
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন ধারণসহ সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতে এই ধারাকে বাড়াবো। আমরা সিলেটের জন্য যে কাজগুলো করব সেগুলো কারো ব্যক্তিগত কাজ নয়। মন্ত্রী বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার হলে ব্যক্তি নয়, পুরো সিলেট উপকৃত হবে, সিলেটে পানির সমস্যা সমাধান হলে কোনো ব্যক্তি বরং পুরো জেলা সুফল ভোগ করবে। তাই আমরা সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতে কাজ করব।
গতকাল সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে রাজনৈতিক নেতাদের সম্মানে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উলে¬খ করে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম কাজ। এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তবে যে পরিমাণ খাদ্য মজুদ ও ভোগ্য পণ্যের সরবরাহ আছে তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির ও মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
টিসিবির কার্যক্রমে নাগরিকসমাজকে আরো বেশি সম্পৃক্ত করা হবে
এ দিকে আগামী দিনগুলোতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে নাগরিকসমাজের প্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, সে জন্য ওয়ার্ড প্রতি এক বা একাধিক নাগরিক কমিটি করে দেবো। তারা এটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন হয়, কোনো অনিয়ম না হয় সেটি নিশ্চিত করা হবে।
গতকাল বিকেলে সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিসিবির পণ্য সরবারহ একটি সার্ভিস, এটা যেন জন আকাক্সক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হয় সেটা আমরা নিশ্চিত করব।
পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, মহানগর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।



