নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকা থেকে চাঁদাবাজি, কিশোর গ্যাং, দখলদারিত্ব, মাদক ও মদের বার উচ্ছেদে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক প্রতিরোধের মাধ্যমে এ এলাকাকে একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় আদর্শ নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির দৌরাত্ম্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সংগঠনটির ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধকে দুর্বল করার প্রবণতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কিছু নীতির সমালোচনা করে তিনি বলেন, কেবল সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবেশ জোরদার করা প্রয়োজন।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, দরিদ্র, এতিম ও পিতৃহারা কিশোরদের বিভিন্নভাবে ব্যবহার করছে একটি চক্র। এসব কিশোরকে অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হবে। সমাজের বিত্তবানদের সহযোগিতায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের সম্পদে পরিণত করার উদ্যোগ নেয়া হবে।
মাদককে সব ধরনের অপরাধের মূল কারণ উল্লেখ করে মামুনুল হক বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ যেসব এলাকায় মাদক বিস্তার লাভ করেছে, সেখানে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
একই সাথে লালমাটিয়া এলাকায় মদের বার পরিচালনার সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না গ্রহণ করে তাহলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জামিয়া রাহমানিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সহসভাপতি মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। এ ছাড়াও সমাবেশে স্থানীয় নেতারা ও সমর্থক উপস্থিত ছিলেন।



