শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে মনোহরপুর ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামে মশিয়ারের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের ছেলে ও শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সমর্থিত পক্ষের সাথে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও জাহিদ চৌধুরী সমর্থিত অপর পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ফদিয়ার মেম্বার (৫০), জাহিদুল বিশ্বাস (৪০), আহম্মাদ শেখ (৫৫), সোহেল বিশ্বাস (২৭), তুহিন মোল্লা (৩৫), মিজানুর রহমান, শরিফুল মেম্বার, ইকবাল হোসেন দিয়ানত, শেখ সুমনসহ ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, দশজনকে আটক করা হয়েছে।



