উনদাভের নৈপুণ্যে নকআউটে জার্মানি

Printed Edition
জার্মানির জয়ের নায়ক উনদাভ (২৬)
জার্মানির জয়ের নায়ক উনদাভ (২৬)

ক্রীড়া ডেস্ক

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয় করেছিল জার্মানি। এরপর ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতারে গ্রুপ পর্বের গণ্ডি পেরুতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন দেশের যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপে এবার দুর্দান্ত দাপটের সাথেই গ্রুপ পর্ব পার করল ডাই মানশাফটরা। আইভরি কোস্টের বিপক্ষে গতকাল প্রথম পিছিয়ে পড়েও দেনিজ উনদাভের দুর্দান্ত জোড়া গোলে ২-১ ব্যবধানে জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি।

টরেন্টো স্টেডিয়ামে শেষ হওয়া ম্যাচে শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকলেও জার্মানির চোখে চোখ রেখে লড়াই করল আইভরি কোস্ট। বল পজিশনে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে চমক জাগিয়ে এগিয়ে গেল তারা। এতে তৈরি হয় জয়ের সম্ভাবনাও। তবে সবকিছুকে পেছনে ঠেলে বদলি নেমে হিসাব পাল্টে দিলেন উনদাভ। তার জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে ‘ই’ গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আসরে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেয়া প্রথম ম্যাচেও বদলি নেমে একটি গোল ও দু’টি অ্যাসিস্ট করেছিলেন জার্মান লিগের ক্লাব স্টুটগার্টের এই ফরোয়ার্ড। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা আফ্রিকার দলটির নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকে আছে ভালোভাবেই।

টরেন্টোতে ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল পজিশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রেখে জয় নিশ্চিত করে জার্মানি। আইভরি কোস্টের ৯ শটের দু’টি লক্ষ্যে ছিল। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য করা জার্মানিরা ১০ মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে জার্মানি। জসুয়া কিমিচের ক্রসে বক্সে অনেকটাই লাফিয়ে হাভার্টজের হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ১৮ মিনিটে জামাল মুসিয়ালার আরেকটি প্রচেষ্টা পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে এবারো এগিয়ে যাওয়া হয়নি ২০১৪ আসরের চ্যাম্পিয়নদের। ৪ মিনিট পর কর্নারে লাফিয়ে হেডের চেষ্টা করেন আলেকসান্দার পাভলোভিচ। একই সাথে বল ধরার চেষ্টায় লাফিয়ে ওঠা গোলরক্ষক ফোফানার হাতে লেগে জালে জড়ায়। তবে ফাউলের কারণে এবারো গোল মেলেনি।

খেলার ধারার বিপরীতে ৩০ মিনিটে জার্মানিকে চমক দেখিয়ে এগিয়ে যায় আইভরি কোস্ট। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে পাস দেন ইয়ান ডিওমান্ডে। প্রথম ম্যাচের গোলদাতা আমাদ দিয়ালোর শট জার্মান ডিফেন্ডার ব্রাউন দারুণভাবে আটকে দিলেও পরে জালে পাঠান সাবেক বার্সেলোনা মিডফিল্ডার কেসিয়ে। বিশ্বকাপে তার প্রথম গোল হলেও জাতীয় দলের হয়ে ১৬বার জাল স্পর্শ করেছেন তিনি।

৪০ মিনিটে আইভরি কোস্টের জালে বল পাঠালেও এবারো হতাশ হতে হয় জার্মানিকে। এর আগে বিল্ডআপের সময় ইমানুয়েলকে ফাউল করেছিলেন মুসিয়ালা। বাঁশি বাজাতে একটু দেরি করেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ শাণাতে থাকে দুই দলই। ৬৮ মিনিটে স্বস্তি ফেরে জার্মান শিবিরে। নাদিম আমিরির ক্রসে বক্সে ভলিতে সমতা টানেন ৬০ মিনিটে মুসিয়ালার বদলি নামা উনদাভ। ৮৯ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় আইভরি কোস্ট। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সের অন্য পাশে নিখুঁত পাস দেন নিকোলাস পেপে। কিন্তু প্রথম স্পর্শে শট না নিয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে গড়বড় করে ফেলেন সিমোঁ আদিঙ্গা। আর তাতেই এগিয়ে যাওয়া হলো না দিদিয়ের দ্রগবার দেশটির। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উন্দাভের দ্বিতীয় গোলে উল্লাসে মাতে জার্মানি।