গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈধ লাইসেন্স ছাড়া ও চিকিৎসায় অবহেলায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগে সততা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে গত রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, গত শনিবার সমিরন বেগম নামের এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হলে ক্লিনিক কর্তৃপক্ষের বাধার কারণে উন্নত চিকিৎসায় দেরি হয় এবং বগুড়া নেয়ার পথে তিনি মারা যান। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে প্রশাসন অভিযানে নামে। লাইসেন্সহীনতা, আবাসিক চিকিৎসক না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ক্লিনিকটির অপারেশন থিয়েটার ও ল্যাবসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদার রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



