আলজাজিরা
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাম্প্রতিক অভিযানের বিরুদ্ধে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, বিক্ষোভে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
‘আইস আউট!’ কর্মসূচির অংশ হিসেবে এদিন মিনিয়াপোলিসে এক সাধারণ ধর্মঘট পালিত হয়। শহরের অধিকাংশ রেস্তোরাঁ, বার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রমিকরা বিক্ষোভে যোগ দেন। গত কয়েক সপ্তাহে আইসিইর অভিযানে সৃষ্ট সহিংসতার প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেয়া হয়। আলজাজিরার তথ্যমতে, মাইনাস ২৩ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও প্রতিবাদকারীরা ‘আইসিই হটাও’ সেøাগানে শহর মুখরিত করে তোলেন। সবচেয়ে নাটকীয় দৃশ্য দেখা যায় মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে কয়েক শ ধর্মযাজক রাস্তার ওপর হাঁটু গেড়ে প্রার্থনা শুরু করেন। তারা ট্রাম্প প্রশাসন কর্তৃক মোতায়েনকৃত তিন হাজার ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া সম্প্রতি আইসিই কর্মকর্তাদের গুলিতে মার্কিন নাগরিক রেনে গুড নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবি করেন তারা।



