শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে টিন ও কাঠের তৈরি তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার বেলতলা জোড় ব্রিজ মার্কেটে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিকস, মুদি ও খাবারের দোকান রয়েছে। এগুলোর মালিক বাবুল হোসেন, রাজন ও আনোয়ার।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



