সিলিন্ডার বিস্ফোরণে চালক দগ্ধ
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক দগ্ধ হয়েছেন। এতে কোনো রোগী বা চিকিৎসক হতাহত না হলেও পাশে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রধান গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক দেখা দেয়। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন হাসপাতাল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। বাগেরহাট প্রতিনিধি।
‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি
নওগাঁর রানীনগরে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর লেনদেন প্রসারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পূবালী ব্যাংক পিএলসি আবাদপুকুর উপশাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে ব্যাংক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি আবাদপুকুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্যাশলেস সেবার শুভ উদ্বোধন করা হয়। উপশাখা ব্যবস্থাপক আব্দুল আলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। রানীনগর (নওগাঁ) সংবাদদাতা।
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম
সুনামগঞ্জের ধর্মপাশায় ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদের বিরুদ্ধে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিজের পছন্দসই অদক্ষ স্বজনদের নিয়োগ দেয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় ক্ষুব্ধ আবেদনকারীরা। জানা গেছে, গত ৭ আগস্ট ফলাফল প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে ১০ আগস্ট বিকেলে প্রকাশ করা হয়। অভিযোগ উঠেছে, আগের আদমশুমারিসহ বিভিন্ন সংস্থায় কাজ করা অভিজ্ঞ ও মেধাবী তরুণদের মূল্যায়ন করা হয়নি। এমনকি একই পরিবারের একাধিক ব্যক্তি ও অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছে। প্রার্থীদের অভিযোগ, জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাংবাদিকদের সুপারিশ তোয়াক্কা না করে মনগড়া ফলাফল তৈরি করা হয়েছে। ক্ষুব্ধ বৈষম্যবিরোধী প্রার্থীরা অবিলম্বে বিতর্কিত ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা।
কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু
তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নেমে নিখোঁজ হওয়া জেলে কাজল দাসের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি সদরের বালুখালী ইউনিয়নের হাজারীবাগ এলাকায় হ্রদে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘ ৯০ দিন পর উল্লাসের সাথে মাছ ধরা শুরু হলেও ক্ষণিকের অসাবধানতায় পানিতে তলিয়ে যান কাজল দাস। সংবাদ পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় ৩৫ ফুট গভীর তলদেশ থেকে কাজল দাসের লাশ উদ্ধার করে ডুবুরি দল। আইনি প্রক্রিয়া শেষে লাশ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি প্রতিনিধি।
গ্যাস বিস্ফোরণ পুরো পরিবারের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে রান্নাঘরে জমা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনেরই মৃত্যু হলো। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা মাইদুল (২৪)। এর আগেই মারা যান তার স্ত্রী ও শিশুসন্তান। নিহত মাইদুলের বাড়ি নাটোরের লালপুর উপজেলার বড়বাদকয়া গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং পরিবার নিয়ে নারায়ণগঞ্জ বন্দরের কুড়িপাড়ায় ভাড়া থাকতেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসাটির রান্নাঘরে তিতাস গ্যাসের লিকেজ থেকে দীর্ঘদিন ধরে গ্যাস জমছিল। গত শুক্রবার ভোরে মাইদুল লাইটার দিয়ে আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা গুরুতর দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় একে একে সবাই চলে যাওয়ায় গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। লালপুর (নাটোর) সংবাদদাতা।
বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু
বগুড়ার শেরপুরে ঘরে টেবিল ফ্যানের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মকবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের পদ্মারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল ওই এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে। জানা যায়, বৈদ্যুতিক ফ্যানের তার মেরামত করছিলেন মকবুল। অসাবধানতাবশত তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্ত্রীর চিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িদহ ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে কেবল স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। শেরপুর (বগুড়া) সংবাদদাতা।
সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, সুবিধাবঞ্চিত পরিবার এবং এতিমখানায় নগদ সহায়তার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকায় অবস্থানরত স্থানীয় তিন সমাজসেবক ব্যবসায়ীর অর্থায়নে গতকাল মঙ্গলবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো: মকবুল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ওসি আবু নাছের রায়হান। অনুষ্ঠানে চারজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে হুইলচেয়ার, এক নারীকে আত্মকর্মসংস্থানের সেলাই মেশিন, দুটি এতিমখানায় বৈদ্যুতিক ফ্যান ও দুস্থ পরিবারকে ঢেউটিন দেয়া হয়। ইউএনও বলেন, বিত্তবানদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। গ্রামীণ জনপদের দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের অন্যান্য স্বচ্ছল ব্যক্তি ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসা উচিত। কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা।



