নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন। বিবৃতিতে নেতারা এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন।
জামায়াত : ঢাকায় ৬ বছরের এক শিশু ও নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল এক বিবৃতিতে বলেন, ঢাকার হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় তাহেদী আক্তার জান্নাত নামে ৬ বছরের এক শিশু এবং নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। তাদেরকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত। তিনি বলেন, আমি নিহত শিশু ও কিশোরীর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে এ নৃশংস ঘটনার সাথে জড়িত সব অপরাধী-তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ধর্ষকরা বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা আরো বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরো উৎসাহিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই-দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে ঢাকা ও নরসিংদীর এই ধর্ষণ ও হত্যামামলার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক অতি দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস : নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, বাবার সামনে থেকে জোরপূর্বক অপহরণ এবং পরে নির্মমভাবে হত্যা করার বর্বরোচিত ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। পাশাপাশি দ্রুত ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : সংগঠনের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নরসিংদী মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে এক কিশোরীকে একদফা সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, বিএনপির এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচারের নামে উল্টো সেই কিশোরীকে এলাকা ছাড়া করেছে, সাহস পেয়ে ধর্ষকচক্র আবারো সেই কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করেছে। পুরো ঘটনার বিবরণ লোমহর্ষক, বর্রবতার সীমা ছাড়িয়ে যাওয়া।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনার বিবরণে আরেকটি বিষয় স্পষ্ট। তা হলো রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন। অপরাধী মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির নিজস্ব বলয়ের হওয়ার কারণেই প্রথম দফা ধর্ষণের দুঃসাহস করেছে এবং বিচারের নামে নির্যাতিতের ওপরই খড়গহস্ত হওয়া ধর্ষকের দল বেপরোয়া হয়। এই ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিভৎস উদাহরণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। যে রাজনৈতিক চক্র অপরাধীকে প্রশ্রয় দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।
জমিয়ত : নরসিংদী মাধবদীতে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা একটি নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা। এ ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ছাত্রশিবির : নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা এবং রামপুরায় ৬ বছরের শিশুকে নির্যাতনের পর হত্যাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এ উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লেখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নরসিংদী ও রামপুরার ঘটনাসহ সারা দেশে সংঘটিত সব হত্যা, ধর্ষণ, দখল ও সন্ত্রাসের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সাথে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।


