সৌদি ভক্তদের ভালোবাসায় ভাসছে কানাডিয়ান ব্যান্ড

Printed Edition
সৌদি ভক্তদের ভালোবাসায় ভাসছে কানাডিয়ান ব্যান্ড
সৌদি ভক্তদের ভালোবাসায় ভাসছে কানাডিয়ান ব্যান্ড

সাকিবুল হাসান

কুইবেকভিত্তিক পপ ব্যান্ড ‘ঘোস্টলি কিসেস’-এর দুই মূল কাণ্ডারি মার্গো সোভ ও লুই-এটিয়েন সান্টাই যখন তাদের নতুন সুর বাঁধছিলেন, তখনই মনে মনে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বের আর কোথাও নয়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেই প্রথম বাজবে তাদের নতুন সৃষ্টি। কথা দিয়েই কথা রেখেছেন এই কানাডীয় শিল্পী জুটি। নতুন ড্রিম-পপ অ্যালবাম ‘অ্যাক্রস দ্য পন্ড’ ভক্তদের হাতে তুলে দিতে সুদূর কানাডা থেকে তারা উড়ে এসেছেন সৌদির ইস্টার্ন প্রোভিন্সে।

অ্যালবাম উন্মোচনের জন্য তারা বেছে নেন আলখোবার শহরের পরিচিত সাংস্কৃতিক কেন্দ্র ‘বোহেমিয়া রেকর্ডস অ্যান্ড ক্যাফে’। এর আগেও এই মঞ্চে তারা পরিবেশনা করেছেন।

সৌদি আরব সফর নিয়ে কথা বলতে গিয়ে গায়িকা মার্গো সোভ জানান, সৌদি ভক্তদের উপস্থিতিতে অ্যালবামটি প্রকাশ করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবার সৌদিতে এসে ভক্তদের চোখে-মুখে যে বিপুল আনন্দ তারা দেখেন, তাকে সম্মান জানাতেই এই উদ্যোগ।

সঙ্গীতসঙ্গী সান্টাই যোগ করেন, ‘সৌদির ভক্তদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক একটা প্রেমকাহিনীর মতো- এখানে কোনো লুকোছাপা নেই। নতুন অ্যালবামের আত্মপ্রকাশের জন্য আলখোবারের বোহেমিয়া ক্যাফের চেয়ে উপযুক্ত স্থান আমাদের কাছে আর কিছুই হতে পারত না।’

বোহেমিয়ায় তাদের এই বিশেষ শো-এর টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। ভক্তদের উপচে পড়া ভালোবাসায় ভাসতে থাকা এই ব্যান্ডটির নাম মূলত কবি উইলিয়াম ফকনারের কবিতা থেকে অনুপ্রাণিত।

নতুন অ্যালবামে রয়েছে মোট ১০টি গান, যার মোট ব্যাপ্তি ৩২ মিনিট ৩৬ সেকেন্ড। ইনডি-রক ও ড্রিম-পপের মিশেলে তৈরি প্রতিটি গানই শ্রোতাদের গভীর আবেগে ভরিয়ে তোলে। সান্টাই জানান, অ্যালবামে তার ব্যক্তিগত পছন্দ ‘হোয়াইট ডোভস’, আর মার্গোর প্রিয় গান ‘ফেড ফ্রম মি’।

ঘরকন্যার কাজের মাঝেই হঠাৎ মাথায় আসা সুর থেকে এই অ্যালবামের সৃষ্টি। মার্গো জানান, ছোটবেলায় দারুণ লাজুক হলেও বাদ্যযন্ত্র ভায়োলিন এবং সঙ্গী সান্টাইয়ের উৎসাহে তিনি আজ কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত।

সৌদি আরবের আলউলা, জেদ্দা, রিয়াদ থেকে আলখোবার ছোট-বড় নানা মঞ্চেই সফল পরিবেশনা করেছে এই জুটি। আগামী সেপ্টেম্বরে রিয়াদ ও জেদ্দায় হতে যাওয়া তাদের পরবর্তী শোগুলোর টিকিটও এক নিমেষে শেষ হয়ে গেছে।

সৌদি ভক্ত, বিশেষ করে তরুণীদের সাথে আত্মিক সম্পর্কের কথা জানিয়ে মার্গো সোভ বলেন, ‘সৌদি আরবে আমাদের বিপুলসংখ্যক তরুণী শ্রোতা রয়েছেন। আমার মনে হয় যেন আমার অজস্র বোন রয়েছে এখানে। তাদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে যদি আমার গান মিলে যায় সেখানে এক সুন্দর আত্মীয়তা তৈরি হয়।’