পিরোজপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা কোনো মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে সেজদা দেব না। জনগণের স্বার্থে, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।’
রোববার বিকেলে পিরোজপুরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শহরের সিও অফিস মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে তারা বিকল্প রাজনীতির যে অঙ্গীকার করেছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।
পথসভায় আরো বক্তব্য দেন- এনসিপির রাজনৈতিক পরিষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা। সভায় হাসনাত আবদুল্লাহ এনসিপির সদস্যসচিব মাইনুল হাসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।



