খুলনা ব্যুরো
খুলনায় সাংবাদিকদের ওপর গুলির প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন এমইউজে সভাপতি রাশিদুল ইসলাম। বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, এমইউজের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, এমইউজে খুলনার সহসভাপতি মো: নূরুজ্জামান, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, সাবেক সহসাধারণ সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য কৌশিক দে, এমইউজে খুলনার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার কাজ শেষে রাত পৌঁনে ১২টার দিকে নগরীর জাতিসঙ্ঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ে দোকানের সামনে একটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে চেয়ারের পায়ায় বিদ্ধ এবং স্পিনটার সাংবাদিক আওয়ালের বুকে লেগে চামড়া ছিলে যায়।
এ ব্যাপারে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ জব্দ করা হয়েছে। কী কারণে গুলির ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে।
বিএফইউজের নিন্দা প্রতিবাদ
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী। বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ন্যক্কারজনক। জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। যারা এই হামলায় জড়িত, তারা আইনের শাসন ও বাক-স্বাধীনতার শত্রু।



