ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় জয়ের দেখা পেল সংযুক্ত আরব আমিরাত। কানাডার বিপক্ষে গতকাল তাদের এই রোমাঞ্চকর জয়। আরিয়ানস শর্মা ও শোয়েব খানের জোড়া হাফ সেঞ্চুরিতে কানাডাকে দুই বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম পয়েন্টের দেখা পেল মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচটিতে দুই দলেরই সব বিদেশী রিক্রুটের খেলোয়াড়। উপমহাদেশের ক্রিকেটাররা জীবিকার সন্ধানে এই দুই দেশে গেছেন। এরপর ক্রিকেটে জড়িয়ে পড়া। কাল তাদের এই ভিন দেশীদের লড়াইই দেখেছে ক্রিকেট ভক্তরা।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে বিপাকে পড়েছিল আমিরাত। ১৩তম ওভারে ৬৬ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে সেখান থেকে হাল ধরেন আরিয়ানস শর্মা ও শোয়েব খান। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার গড়েন ৮৪ রানের ম্যাচ জেতানো জুটি। আর্যংশ ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তার ঝড়ো ৫৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। অন্য দিকে আক্রমণাত্মক মেজাজে শোয়েব খান মাত্র ২৯ বলে করেন ৫১ রান। ২৮ বলে দেখা পেয়েছেন ফিফটির। তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কার মার। শেষ ওভারে শোয়েব বিদায় নিলেও দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন মোহাম্মদ আরফান।
কানাডার বোলারদের মধ্যে অধিনায়ক সাদ বিন জাফর ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিলেও বাকিদের ব্যর্থতায় হার মানতে হয় তাদের। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে কানাডা। কানাডার ব্যাটারদের মধ্যে হার্শ থাকের ৪১ বলে ৫০ রান করেন। এতে ছিল তিনটি ছক্কা ও দু’টি চার। খেলেছেন ৪১টি বল। এ ছাড়া নাভনেদ দালিওয়াল ২৮ বলে ৩৪ রান করেন। আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী ৩৫ রান খরচায় পাঁচটি উইকেট নিয়ে শুরুর মঞ্চটা গড়েছেন। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
এই জয়ে গ্রুপ টেবিলে আফগানিস্তানকে টপকে তিনে উঠে এসেছে আরব আমিরাত। রশিদ খানরা এখনো ম্যাচ জেতেনি। তা ছাড়া টানা দুই জয় নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।



