মেহেরপুর প্রতিনিধি ও গাংনী সংবাদদাতা
দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) মেহেরপুর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিকরা। গতকাল রোববার সকাল ১০টায় বিএটিবি মেহেরপুর কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা ঠিকাদারি (কন্ট্রাক্ট) প্রথা বাতিল করে সরাসরি বিএটিবি এর অধীনে স্থায়ী নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একই ধরনের স্থায়ী প্রকৃতির কাজ করলেও এখনো তারা ঠিকাদারি ব্যবস্থার অধীনে কর্মরত থাকায় চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফিল্ড টেকনিশিয়ন সিয়াম, মিলন আহমেদ, গিয়াসউদ্দিন ও আব্দুর রহমান। বক্তারা বলেন, বিদ্যমান শ্রম আইন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের অগ্রাধিকার দেয়া উচিত। অথচ বছরের পর বছর কাজ করেও তারা স্থায়ী নিয়োগ পাচ্ছেন না। দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান শ্রমিকরা।
এ সময় শ্রমিকরা স্থায়ী নিয়োগ চাই, ঠিকাদারি প্রথা বাতিল কর, শ্রমিকের ন্যায্য দাবি সবার অধিকার’সহ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। বক্তারা আরো জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সদস্যরা অংশ নেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলেও একই দাবিতে অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে



