মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
বিরোধী দলের ওপর যেন কোনো অত্যাচার-জুলুম না হয়, কোনো অন্যায়-অবিচার না হয়- সেদিকে সজাগ থাকতে হবে। তারা আমাদেরই ভাই। তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কুমিল্লার মুরাদনগর বড় মাদরাসা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ নেন। পাশাপাশি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তিনি আরো বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার দেখানো পথ ধরে বর্তমান সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, জাসাসের আহ্বায়ক আবু বক্কর, জিসাসের আহ্বায়ক জসীমউদ্দীন প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুরাদনগর উপজেলা হেফাজতের নায়েবে আমির হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। দোয়ায় দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করা হয়।



