সিলেট ব্যুরো
সারা দেশের ন্যায় সিলেটেও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার সিলেট নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব দীপঙ্কর বিশ্বাস, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, কাজী নজরুল ইসলাম সবসময়ই প্রাসঙ্গিক। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার পাশাপাশি তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির চেতনাকে তার সাহিত্য ও সংগীতে তুলে ধরেছেন।
তিনি বলেন, জাতীয় কবিকে জাতীয়ভাবে যথাযথভাবে তুলে ধরতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নজরুলের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক ও কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



