নগর উন্নয়নের পাশাপাশি সামাজিক ও নৈতিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ : চসিক মেয়র

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবিকতার শিক্ষার আলোকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতির নগর হিসেবে চট্টগ্রামকে সেফ সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।

শুক্রবার ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের খাজা খিজির রোডের একতা হাউজিং আহমদ শরীফ জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ইসলাম শান্তির ধর্ম। মহানবী সা:-এর জীবনাদর্শ আমাদের শিখায় পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা। আমরা যদি ইসলামের প্রকৃৃত শিক্ষা অনুসরণ করি, তবে সমাজে বিভেদ নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানই প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, চট্টগ্রাম একটি বহুধর্মাবলম্বী মানুষের আবাসভূমি। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অটুট রাখতে হলে ধর্মীয় মূল্যবোধকে মানবিকতা ও সহনশীলতার চর্চার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

মেয়র আরো বলেন, একটি মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র। নতুন এই জামে মসজিদ এলাকাবাসীর জন্য ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক ঐক্য ও মূল্যবোধ জাগরণের ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, নগর উন্নয়নের পাশাপাশি সামাজিক ও নৈতিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতিমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, হানিফ সওদাগর, করিমুল মোস্তফা, মো: সেলিম, লায়ন শাহাজান, আক্তার শরীফ, মাওলানা মনতাজুল হক আনছারী, মাওলানা রফিকুল হক আনোয়ারী, মোরশেদুল আলম, বদিউল আলম, নাহিদ আকতার, মো: সালাউদ্দিন, হামিদ উল্লাহ জসিম, মাঈনুদ্দীন, তাজউদ্দিনসহ মসজিদের মুসল্লিবৃন্দ।

মেয়র সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামকে আমরা উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলছি; সেই সাথে নৈতিকতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি মানবিক নগর গঠনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।