সাংস্কৃতিক প্রতিবেদক
শিল্পকলায় ৬১ বছর পর গান গাইলেন সঙ্গীতে কিংবদন্তি রুনা লায়লা। সুরের জাদুতে অগণিত সুরপিয়াসিদের মুগ্ধ করলেন কিংবদন্তি এই গায়িকা। বানভাসি অসহায় মানুষের সাহায্যে হৃদয়ের আবেগ কণ্ঠে ঝরিয়ে গাইলেন শিল্পী, আর জয় করলেন সঙ্গীত পিপাসুদের হৃদয়।
‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ শিরোনামের এই একক সঙ্গীতানুষ্ঠানে নিজের জনপ্রিয় ও কালজয়ী দশটি গান গাইলেন দেশবরেণ্য এই শিল্পী।
বন্যার্তদের সাহায্যার্থে গতকাল রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আসর। প্রতিটি গানের পরিবেশনা শেষে কানায় কানায় ভর্তি মিলনায়তনের দর্শক শ্রোতাদের মুহুর্মুহু করতালি ও ওয়ান মোর ওয়ান মোর ধ্বনিতে গানের আবেদন শিল্পীকে ভাসিয়েছে প্রশংসার জোয়ারে।
রুনা লায়লার ৬২ বছরের সঙ্গীত ক্যারিয়ার ও শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে শিল্পকলা একাডেমিতে এটাই রুনা লায়লার প্রথম একক সঙ্গীতানুষ্ঠান। ক্যারিয়ারের পড়ন্ত বয়সে রুনা লায়লা কেমন গাইবেন? আগের মতো গাইতে পারবেন কি না দর্শক শ্রোতাদের এমন সংশয় মিথ্যা প্রমাণ করে দিয়েছে উপমহাদেশের প্রখ্যাত এই সুরের পাখি। ক্যারিয়ার ৬২ বছরের হলেও কণ্ঠ থেকে তিনি যে সুর ছড়িয়েছেন সেই সুরে তারুণ্যের উন্মাদনাই ফুটে উঠেছে।
শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো দিয়ে শুরু করে নিজের জনপ্রিয় দশটি গান পরিবেশন করেন।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
অনুষ্ঠান শুরুর আগে শিল্পীর হাতে স্মারক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
বানের জলে ভাসছে দেশের প্রত্যন্ত অঞ্চল। পানিবন্দী মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্বিষহ অবস্থা। আর বন্যার্ত সেসব মানুষের সাহায্যার্থে শিল্পকলা একাডেমির আয়োজনে এগিয়ে আসেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা।



