ড. শাকিল ফয়জুল্লাহর পিএইচডি সম্পন্ন

Printed Edition

বুটেক্স প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার গ্র্যাডি কলেজ অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থেকে অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন ড. শাকিল ফয়জুল্লাহ। শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেবেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে পড়ার সময় শাকিল ফয়জুল্লাহ ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। ১৯৯২ সালে বাংলাদেশ টেলিভিশনের জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় তার দল চ্যাম্পিয়ন হয় এবং তিনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

ছাত্রজীবনে তিনি বিবিসির সাথে কাজ করেন। ২০০৫ সালে যুক্তরাজ্যের গোল্ডস্মিথস, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে জাতিসঙ্ঘের ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটরস অফিস, ইউএনডিপি বাংলাদেশ এবং পরে ইউনিসেফ বাংলাদেশে যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ডেনমার্কের কোপেনহেগেনে ইউনিসেফ সাপ্লাই ডিভিশনেও দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে গবেষণা ও শিক্ষাদানের সাথে যুক্ত রয়েছেন।

শাকিল ফয়জুল্লাহ বলেন, তার পিএইচডি অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি তার বাবা-মায়ের স্বপ্ন, ত্যাগ ও অনুপ্রেরণারও প্রতিফলন। শুধু চাকরির জন্য নয়, নিজ আগ্রহ ও ভালোবাসার জায়গা বিবেচনা করেই পেশা নির্বাচন করতে তরুণদের পরামর্শ দেন তিনি। শাকিল ফয়জুল্লাহর কর্মজীবনের এই বহুমাত্রিক যাত্রা পেশা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের গুরুত্বই তুলে ধরে।