বাংলাদেশীকে হত্যার ৪০ ঘণ্টা পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

Printed Edition

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বাংলাদেশী নাগরিক আসাদুজ্জামানকে গুলি করে হত্যার প্রায় ৪০ ঘণ্টা পর তার লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রোববার রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দিনাজপুর বিওপির আওতাধীন এলাকায় তার লাশ হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ এলাকার দায়িত্বরত দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন।

এর আগে শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে আসাদুজ্জামানকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। তিনি উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে। এ ছাড়া মোস্তাকিম ও শ্রী উদা রায় নামে আরো দুই বাংলাদেশী যুবক বিএসএফের হাতে আটক রয়েছেন। মোস্তাকিম একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে এবং শ্রী উদা রায় মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৩৩৩ নম্বর মেইন পিলার এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে তিন বাংলাদেশী গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।