ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সিতে গত ১৯ জুলাই রাতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের। শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনাকে রীতিমতো নাকানি-চুবানি খাইয়ে ১৬ বছর পর ট্রফি পুনরুদ্ধার করেছে স্পেন। ফাইনালে পুরোপুরি নি®প্রভ ফুটবল প্রদর্শনে রানার্সআপ হয়ে গত পরশু দেশে ফিরেছে আর্জেন্টাইন ফুটবল দল। ফাইনালে হারলেও দেশে ফিরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছে জাতীয় ফুটবল দল। আনুষ্ঠানিক কোনো উদেথ্যাগ না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে হাজারো ভক্ত বরণ করে নিয়েছেন গত দুই আসরের ফাইনালিস্টদের।
মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই করতে পারেনি ভীষণ হতাশায় ভুগতে থাকা আর্জেন্টিনা। পুরোপুরি রক্ষণাত্মক খেলা দলটি নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে হারে ১-০ ব্যবধানে। গোল স্রেফ একটি হলেও ম্যাচে স্পেনের দাপট ছিল অনেক বেশি। পরাজয়ের পর দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যরা। বিমান থেকে নেমে লাল গালিচা সংবর্ধনা পান কোচ লিওনেল স্কালোনি, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিরা।
কোচ ও স্টাফদের সাথে দেশে ফেরেন বাকি ১৬ ফুটবলার। দলের সাথে আসেননি অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, ফাইনালে লাল কার্ড পাওয়া এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, খেরোনিমো রুলি, নিকো পাজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা ও হুয়ান মুসো।
পুলিশের একটি বড় দলের পাহারায় ছাদ খোলা বাসে করে লিওনেল আন্দ্রেস মেসি মাঠে পৌঁছায় দল। রাস্তায় ও মাঠে তাদের অপেক্ষায় ছিলেন প্রচুর ভক্ত। তারা নেচে, গেয়ে ও পতাকা উড়িয়ে দলের প্রতি জানান অকুণ্ঠ সমর্থন। এক বিবৃতিতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
দেশে ফিরলেন মেসি
এদিকে পরের দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন দলের অধিনায়ক লিওনেল মেসি। রোজারিওতে পরিবারের সাথে সময় কাটাবেন তিনি। তার বর্তমান ক্লাব ইন্টার মিয়ামিতে কবে যোগ দেবেন, তা এখনো অজানা। ৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎও অনিশ্চিত। বয়স বিবেচনায় তিনি ইতোমধ্যে হয়তো শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে আর্জেন্টাইন গণমাধ্যম বলছে, স্পেনের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি।
হারের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সম্প্রতি একটি ছবি শেয়ার করে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লেখেন, ‘কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সাথে রাখব... মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।’
ভক্তদের উদ্দেশ্যে মেসি লেখেন, ‘আমরা আরো একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।’
অবসরের ইঙ্গিত দিলেন মার্টিনেজ
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে একাই লড়াই করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজ। ইয়ামালদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে রক্ষা করতে পারেননি তিনি। বরং অতিরিক্ত সময়ে ফেরান টরেসের গোলে শিরোপা হাতছাড়া হয় মার্টিনেজদের। শিরোপা হাতছাড়ার পর এবার অবসরের ইঙ্গিত দিলেন এই গোলরক্ষক। ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে মার্টিনেজ বলেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং ইতিহাস গড়ব। কিন্তু সেটা আর হয়ে উঠেনি। ফাইনালে হারের কষ্টটা ব্যাখ্যা করা কঠিন। ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করতে হবে। এরপর কিভাবে এগিয়ে যাব তা দেখতে হবে। এটাই কি সরে দাঁড়ানোর সঠিক সময় কি না, সেটাও ভাবতে হবে।’



