নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের দীর্ঘ ৯ মাস পর মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার রাতে নরসিংদী শহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামি হলো- রাজেন্দ্র চৌহান রাজু ও সাগর চৌহান। রাজু পলাশ উপজেলার চরসিন্দুর বাজার গোদারাঘাট এলাকার মঙ্গল চৌহানের ছেলে এবং সাগর একই এলাকার চন্দ্রন চৌহানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে মণি চক্রবর্তীকে পরিকল্পিতভাবে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়।
মণি চক্রবর্তী চরসিন্দুর বাজার এলাকায় রাজেন্দ্র চৌহান রাজুর সাথে পার্টনার হিসেবে মাটি কাটার এক্সেলেটর ও পাথরের ব্যবসা করতেন। ঘটনার দিন চরসিন্দুর বাজারে মণি তার বাবার মুদিদোকান থেকে বাড়ি ফেরার পথে পিছু নেয় দুর্বৃত্তরা। মণি চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে গেলে পেছন দিক থেকে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এতে সে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যায়। এ ঘটনায় পলাশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মদন চক্রবর্তী।
মদন চক্রবর্তী বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর রাজেন্দ্র চৌহান রাজু আমাকে ভুল বুঝিয়ে থানায় নিয়ে যায়। পরে আমি বাড়ি ফিরে এলে পরদিন সকালে আবার থানায় যেতে বলে এবং রাজু আমাকে জানায়, আপনি শুধু থানায় আসবেন এবং একটি স্বাক্ষর দিয়ে চলে যাবেন। সে আমাকে কৌশলে থানায় নিয়ে আসে এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করান।



