সন্দ্বীপ চ্যানেলে ২০০ যাত্রী নিয়ে ডুবোচরে ৯ ঘণ্টা ফেরি আটকা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের ডুবোচরে দুই শতাধিক যাত্রী এবং অ্যাম্বুলেন্সবাহী মুমূর্ষু রোগী নিয়ে আটকে পড়া ‘ফেরি কপোতা’ দীর্ঘ ৯ ঘণ্টা পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নিরাপদে পৌঁছেছে। বুধবার মধ্যরাতে জোয়ারের পানি বাড়ার পর ফেরিটি উদ্ধার হয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশে রওনা হয় ফেরি কপোতা। কিন্তু যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভাটার মুখে পড়ে চ্যানেলের পলি জমে থাকা ডুবোচরে আটকে যায়। ফেরির ভেতরে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা না থাকায় নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন অ্যাম্বুলেন্সে থাকা সঙ্কটাপন্ন রোগী। ঘটনার খবর পেয়ে রাত ৯টার দিকে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।