রানীনগরে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ

Printed Edition

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রানীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার সন্ধথ্যায় উপজেলার আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, দোকান ঘরে মজুদ রেখে নিষিদ্ধ মাছ ধরা রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান ঘর তল্লাশি করে লক্ষাধিক টাকার ৩৫ পিস চায়না দুয়ারী রিংজাল এবং ২৫ পিস কারেন্ট জাল জব্দ করা হয়।