সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু

Printed Edition

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘সুন্দরপুর-৪’ নামে একটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাস কূপের খননকাজ শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক মূল্যায়নে কূপটি থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ড্রিলিং) ও কূপের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান গত বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, কূপটি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। এটি কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্যাসক্ষেত্রের একই ভূগর্ভস্থ রিজার্ভের অংশ হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সুন্দরপুর-৪’। এর আগে সুন্দরপুর গ্যাসক্ষেত্রে ১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি সুন্দরপুর-২ কূপ থেকে প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে হলেও একই গ্যাস রিজার্ভের অন্তর্ভুক্ত।

বাপেক্স সূত্রে জানা যায়, জমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষে গত এপ্রিলের শেষ দিকে কূপ এলাকায় রিগ স্থাপন করা হয়। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়েছে। কূপটি সফল হলে জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস সরবরাহের সুযোগ সৃষ্টি হবে।

জাকির হোসেন খান জানান, কূপটির লক্ষ্যমাত্রিক গভীরতা প্রায় এক হাজার ৬০০ মিটার। প্রায় এক হাজার ৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাসস্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।