বর্ষার আগেই কদমের হাসি ঋতু বদলের নীরব বার্তা

Printed Edition
বর্ষার আগেই কদমের হাসি ঋতু বদলের নীরব বার্তা
বর্ষার আগেই কদমের হাসি ঋতু বদলের নীরব বার্তা

শফিকুল আলম ভুইঁয়া (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ

রূপগঞ্জের গাছে গাছে এখন কদম ফুলের সমারোহ। অথচ ক্যালেন্ডারের হিসেবে বর্ষা এখনও পুরোপুরি আসেনি। সাধারণত আষাঢ়-শ্রাবণের বৃষ্টিভেজা দিনেই যে ফুল প্রকৃতিকে সাজিয়ে তোলে, সেই কদম এবার ফুটেছে জ্যৈষ্ঠের প্রখর গ্রীষ্মেই। প্রকৃতির এই ব্যতিক্রমী রূপ যেমন মানুষের মনে আনন্দ ছড়াচ্ছে, তেমনি জলবায়ু ও ঋতুচক্রের পরিবর্তন নিয়ে নতুন প্রশ্নও তুলছে।

বাংলার প্রকৃতিতে কদমকে বলা হয় ‘বর্ষাদূত’। গোলাকার সাদা-হলুদ মঞ্জরিযুক্ত এই ফুল বর্ষার আগমনী বার্তার প্রতীক হিসেবে যুগ যুগ ধরে পরিচিত। কবিতা, গান, গল্প ও লোকসংস্কৃতিতে কদমের বিশেষ স্থান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ঋতুর স্বাভাবিক ছন্দে পরিবর্তনের প্রভাব পড়ছে প্রকৃতিতেও। সেই পরিবর্তনেরই যেন এক দৃশ্যমান উদাহরণ হয়ে উঠেছে গ্রীষ্মে কদম ফোটা।

রূপগঞ্জের বিভিন্ন গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর, খাল-বিলের পাড় ও গ্রামীণ সড়কের পাশে থাকা কদমগাছে এখন ফুলের বাহার। ভোরের আলোয় গাঢ় সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা ফুলগুলো প্রকৃতিকে দিয়েছে মনোমুগ্ধকর সৌন্দর্য। পথচারী, প্রকৃতিপ্রেমী ও তরুণ-তরুণীরা গাছের নিচে ভিড় করছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। অনেক শিশুকেও দেখা গেছে গাছ থেকে কদম ফুল সংগ্রহ করতে।

স্থানীয় বাসিন্দাদের মতে, আগে বর্ষা এলেই কদম ফুল ফুটত। এবার বর্ষা শুরুর আগেই ফুল ফোটায় তারা বিস্মিত। কেউ কেউ রসিকতা করে বলছেন, গ্রীষ্মের মাঝামাঝি সময়ে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে কদম হয়তো ঋতু চিনতে ভুল করেছে। তবে বিষয়টি শুধু সৌন্দর্যের নয়, পরিবেশগত পরিবর্তনেরও ইঙ্গিত বহন করে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রার ওঠানামা এবং পরিবেশ দূষণের প্রভাব উদ্ভিদের স্বাভাবিক জীবনচক্রে পরিবর্তন আনছে। ফলে অনেক গাছপালা আগেভাগে ফুল বা ফল দিচ্ছে।

প্রকৃতিপ্রেমী মীর শফিকুল ইসলাম মনে করেন, দেশীয় গাছপালা সংরক্ষণ এবং নতুন করে রোপণের উদ্যোগ বাড়ানো জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদমসহ দেশীয় প্রজাতির গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, কদম বাঙালি সংস্কৃতির একটি আবেগঘন ফুল। সাধারণত বর্ষা মৌসুমেই এটি ফোটে। তবে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত প্রভাবের কারণে এখন গ্রীষ্মকালেও কদম ফুল ফুটতে দেখা যাচ্ছে।

গ্রীষ্মে কদমের এই অকাল প্রস্ফুটন একদিকে প্রকৃতিকে দিয়েছে নতুন সৌন্দর্য, অন্য দিকে মনে করিয়ে দিচ্ছে বদলে যাওয়া ঋতুচক্রের বাস্তবতা। তাই গাছভর্তি কদম ফুল শুধু বর্ষার আগমনী বার্তা নয়, প্রকৃতির পরিবর্তিত ভাষারও এক নীরব সাক্ষী।