পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
এইচএসসি, আলিম ও স্নাতক (অনার্স) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৪০০ পরীক্ষার্থীর সাফল্য কামনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে দোয়া মাহফিল ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পীরগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘সাফল্য মানে কেবল বড় ডিগ্রি বা সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই জীবনের প্রকৃত সার্থকতা’, এই প্রতিপাদ্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শিক্ষাজীবনে মনোনিবেশের আহ্বান জানানো হয়।
পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ। পরে ‘স্বপ্নীল সাংস্কৃতিক সাহিত্য সংসদ’-এর পরিবেশনায় ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মেডিক্যাল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, হাবিপ্রবি শাখার সভাপতি এ টি এম সিফাত উল্লাহ ও সেক্রেটারি আনিস আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির বাবুল আহাম্মেদ, সাবেক আমির বাবলুর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে জেলা সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।



