চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সিরাতুন্নবী সা: মাহফিলের ৮ম দিবস মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোশাররফ হোছাইন। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে দুরূদ শরিফ, নামাজ, দ্বীনের দাওয়াত এবং খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিরা। লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা কফিল উদ্দীন ‘দুরূদ শরিফের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে বলেন, রাসূলুল্লাহ সা:-এর প্রতি দুরূদ পাঠ মুমিনের ঈমানি ভালোবাসার প্রকাশ। নিয়মিত দুরূদ পাঠের মাধ্যমে অন্তরে নবীপ্রেম বৃদ্ধি ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। রংপুর-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা নুরুল আমিন ‘খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার বৈশিষ্ট্য’ বিষয়ে বলেন, খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার মূলভিত্তি ছিল ন্যায়বিচার, জবাবদিহি, জনকল্যাণ ও মানবিক মর্যাদা। বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় এসব নীতি অনুসরণ করলে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মুহাম্মদ আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মোতোয়াল্লি কমিটির সদস্য আলহাজ আবু তাহের, আলহাজ ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী। শাহজাদা তৈয়বুল হক বেদারসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিরা। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ সোলাইমান ইয়াজদানি ও মুহাম্মদ সাইফুল ইসলাম। নাতে রাসূল সা: পরিবেশন করেন আতিক উল্লাহ আদিল ও মুহাম্মদ হামিম আহসান। বিজ্ঞপ্তি।



