ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের নান্দাইলে ব্রিজের নিচ থেকে তিন বস্তা জবাই করা ঘোড়ার চামড়া, মাথা ও পা উদ্ধারের ঘটনায় স্থানীয় গোশত বাজারে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত শুক্রবার ভোরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষিদিয়া ব্রিজের নিচে বস্তাগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বস্তা খুলে এসব দেহাবশেষ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, কোনো স্থানে ঘোড়া জবাই করে গোশত অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। গরুর গোশতের সাথে ঘোড়ার গোশত মিশিয়ে বিক্রির গুঞ্জন দীর্ঘদিনের হলেও এর পক্ষে এতদিন দৃশ্যমান কোনো আলামত পাওয়া যায়নি। তবে স্থানীয়দের এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ঘোড়ার দেহাবশেষ উদ্ধারের পর নান্দাইল ও আশপাশের বিভিন্ন বাজারে গোশতের উৎস ও মান নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা এ ঘটনায় তদন্ত করে ঘোড়া জবাই ও গোশত সরবরাহের সাথে জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন।
নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কে এম আব্দুল আল মামুন বলেন, লোকবল সঙ্কট ও নির্দিষ্ট জবাইখানা না থাকায় কোথায় পশু জবাই হচ্ছে, তার তথ্য নিয়মিত পাওয়া যায় না। অন্য দিকে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, ২০১১ সালের নীতিমালা অনুযায়ী পশু জবাই ও গোশত পরীক্ষার দায়িত্ব প্রাণিসম্পদ কার্যালয়ের।
স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া দেহাবশেষ পরীক্ষা করে ঘটনার সত্যতা নিশ্চিত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। পাশাপাশি বাজারে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও গোশতের উৎস নিশ্চিত করতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।



