এআই চালিত এনভিডিয়ার নতুন চিপ

Printed Edition
এআই চালিত এনভিডিয়ার নতুন চিপ
এআই চালিত এনভিডিয়ার নতুন চিপ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তিবিশ্বে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নতুন চিপ উন্মোচন করেছে এনভিডিয়া। মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে তৈরি ‘আরটিএক্স স্পার্ক’ নামের এ চিপটি ইন্টারনেটের ওপর নির্ভর না করে কম্পিউটারের নিজস্ব সিস্টেমেই সরাসরি স্বয়ংক্রিয় এআই এজেন্ট চালাতে পারবে। এনভিডিয়ার এ নতুন উদ্ভাবন অ্যাপল, ইনটেল ও এএমডি’র মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানিকে সরাসরি বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

তাইওয়ানে অনুষ্ঠিত কম্পিউটেক্স কনফারেন্সে অংশ নিয়ে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, চিপটি মাইক্রোসফটের সাথে তাদের দীর্ঘ তিন বছরের যৌথ প্রচেষ্টার ফল। এআই যুগের উপযোগী করে পার্সোনাল কম্পিউটার বা পিসিকে নতুন রূপ দেয়ার লক্ষ্যেই চিপটি তৈরি, যা তৈরিতে এনভিডিয়াকে বিশেষভাবে সহায়তা করেছে তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানি মিডিয়াটেক। এ প্রযুক্তিটি মানুষের কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে। চিপটির সবচেয়ে বড় সুবিধা, এআই অ্যাপ্লিকেশন বা এজেন্ট চালানোর জন্য এটি ইন্টারনেটের মাধ্যমে কোনো ক্লাউড কম্পিউটিংয়ের ওপর নির্ভর করবে না, বরং কম্পিউটারের নিজস্ব সিস্টেমের ভেতরেই সরাসরি কাজ করবে। নতুন এ চিপ ও এর পাশাপাশি এনভিডিয়ার ভেরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ-এর উন্মোচনে প্রমাণ মেলে, কোম্পানিটি এখন পিসি ও সিপিইউ পণ্যের ওপর কতটা জোর দিচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির প্রধান হুয়াংয়ের মূল বক্তব্যের বড় অংশজুড়ে ছিল এ আরটিএক্স স্পার্ক চিপ ও ভেরা সিপিইউ-এর জয়গান।

হুয়াং বলেছেন, ভেরা সিপিইউ’টি এআই এজেন্টদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এবং একদম শুরুর দিকে এ প্রযুক্তিটি লুফে নিয়েছে ওপেনএআই, অ্যানথ্রপিক ও স্পেসএক্সের মতো বড় কোম্পানিগুলো।