কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চার শতাধিক গর্ভবতী নারীর জন্য দিনব্যাপী বিনামূল্যে আল্ট্রাসাউন্ড ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেছে ‘মা এক্সপ্রেস’। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ (মেটারনাল এইড অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে এবং স্থানীয় সামাজিক সংগঠন ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর সার্বিক সহযোগিতায় এ ব্যতিক্রমী মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে আসা গর্ভবতী মায়েদের বিনামূল্যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মূত্র পরীক্ষা এবং অভিজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। পাশাপাশি আয়োজনকারীদের পক্ষ থেকে রোগীদের মাঝে আয়রন, জিংক, ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। মা এক্সপ্রেসের সিলেট বিভাগীয় প্রধান ডা: ফয়জুল হাসান চৌধুরী বলেন, কুলাউড়ায় এ উদ্যোগটি অভূতপূর্ব সাড়া পেয়েছে। এটি আমাদের একটি পাইলটিং ক্যাম্পেইন হলেও ভবিষ্যতে সিলেট অঞ্চলের অন্যান্য প্রান্তিক অঞ্চলেও সেবাটি চালু রাখার চেষ্টা থাকবে।
কুলাউড়া সমন্বয়ক সিপার আহমেদ জানান, প্রান্তিক ও চিকিৎসাবঞ্চিত মায়েদের দোরগোড়ায় নিরাপদ মাতৃত্বের সেবা পেঁঁৗঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য। স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান। স্থানীয় সচেতন মহল প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের এ পদক্ষেপকে একটি অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন।



