রসিদ ছাড়াই টাকা আদায়

রাবি শিক্ষার্থীকে মারধর করায় ৮ ঘণ্টা রেলপথ অবরোধ

Printed Edition

রাবি প্রতিনিধি

রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগ ওঠেছে কর্তব্যরত টিটিইর বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে ক্যাম্পাসের চারুকলাসংলগ্ন রেললাইন অবরোধ করলে প্রায় আট ঘণ্টা রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

তিনি অভিযোগ করেন, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফেরার পথে তিনি দেখেন, যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায় করছেন কয়েকজন টিটিই। এর প্রতিবাদ করলে ছয়-সাত জন টিটিই তাকে পেছন থেকে গলা ধরে দুই বগির মাঝখানে নিয়ে যান। পরে ঘাড় ও পিঠে এলোপাতাড়ি মারধরসহ একপর্যায়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ারও চেষ্টা করে। এতে তার চশমা ভেঙে যায়।

এ দিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

পরে দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গভীর রাতে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু এবং আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অগ্রগতি পর্যালোচনার জন্য আরেকটি সভা করার সিদ্ধান্ত হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।