বগুড়া অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শত শত মানুষের জীবনের বিনিময়ে এক ফ্যাসিবাদী সরকারকে তাড়িয়েছে এ দেশের ছাত্র-জনতা। সরকার গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়কে অস্বীকারের মাধ্যমে মূলত জনগণের সাথে প্রতারণা করছে। আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করব।
গতকাল বিকেলে বগুড়ার শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়া অঞ্চলের কৃষিজীবী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন। সংগঠনের বগুড়া অঞ্চল সভাপতি প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল প্রমুখ।



