চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ চলাকালে নিজেদের কর্মী মোহাম্মদ মিনহাজের হাত কেটে নিয়েছে যুবদলের সদস্যরা। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কোতোয়ালির বলুয়ার দীঘিরপাড় ও বাকলিয়ার বউবাজার এলাকায় এ সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
আহত মিনহাজ স্থানীয় মাস্টারপুল এলাকার মিজানের ছেলে এবং যুবদলের জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়া আরো একজন আহত হন। তার নাম আরমান ওরফে এঞ্জেল। তিনি বউবাজার এলাকার রফিকের ছেলে এবং সবুজ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে বলুয়ার দীঘিরপাড় এলাকা থেকে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার একটি হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়া হয়।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মিনহাজের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে দক্ষিণ বাকলিয়ার বউবাজার আহমদুর রহমান সড়কের মজিদ সওদাগরের মসজিদসংলগ্ন এলাকায় পাল্টা হামলা চালায় তার অনুসারীরা।
এ সময় আরমানের ওপর হামলা চালানো হয় এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। তবে তিনি পালিয়ে অন্য একটি বাড়িতে ঢুকে প্রাণে রক্ষা পান।এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এর আগে, গত ৫ এপ্রিল বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হন। ওই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে। একই ঘটনায় গত রোববার রাতে শওকত নামে একজনকে আটক করা হয়েছে।



