নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক সহিংসতায় ৯ জনের মৃত্যু ও এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। চট্টগ্রাম মহানগরীতে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও পটুয়াখালীতে নদী, ডোবা, মাছের ঘের ও মাটির নিচ থেকে সাতটি লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে নরসিংদীতে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে এ সব ঘটনায় প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ নিচে তুলে ধরা হলো :
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় মো: আজাদ (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।
পটুয়াখালী ও আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বাবার একাধিক বিয়ের প্রতিবাদ ও রাজনৈতিক আধিপত্যের জেরে পটুয়াখালী সদর উপজেলার বাজারগোনা এলাকায় রিপন কাজী (৩৫) নামে এক শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, নিহতের বাবা মিজানুর রহমান কাজী ও চাচাতো ভাই ছাত্রদল নেতা রিফাত কাজীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার গতি রোধ করে এই হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজদিখানে অপহরণের ৫২ দিন পর আওলাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। জমিজমা স্ত্রীর নামে লিখে না দেয়া এবং দ্বিতীয় বিয়ে করার ইচ্ছাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। গত ৯ মে নিখোঁজ হওয়া এই বৃদ্ধকে হত্যা করে একটি গরুর খামারের রান্নাঘরের মেঝের নিচে পুঁতে রাখা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্ঘাটন করে নিহতের স্ত্রী, ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিন জেলায় ৩ লাশ উদ্ধার
মানিকগঞ্জ, নাগরপুর ও ভৈরব সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল ইসলাম (১৭) নামে এক অটোরিকশা চালকের লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এ দিকে টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের তিন দিন পর শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ বিন্নাওঝা গ্রামের একটি পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে মাসুদ মিয়া নামে এক সিএনজি চালকের বস্তাবন্দী ও বিকৃত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সুরতহাল শেষে প্রতিটি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডোবা ও মাছের ঘেরে ২ লাশ
সখীপুর (টাঙ্গাইল) ও কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের ছেলে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। অন্য দিকে সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের লাশ তার নিজস্ব মাছের ঘেরের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। জমিজমা নিয়ে শরিকদের সাথে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে শেখেরচর এলাকা থেকে অভিযুক্ত আওলাদ হোসেনকে (২৬) গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



