দেশের রফতানি খাতকে তৈরী পোশাকনির্ভরতা কমিয়ে রফতানি বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৩ (তিন) হাজার কোটি টাকার ‘রফতানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক পিএলসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আরএমজি বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক জনাব মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে এবং যোগ্য রফতানিকারকরা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এ পুনঃঅর্থায়নের মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুযোগ থাকবে। এ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক দেশের সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পে সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণ এবং প্রচলিত খাতের বাইরে নতুন ও সম্ভাবনাময় রফতানি খাতের বিকাশে আরো কার্যকর ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।



