মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

Printed Edition

জয়দেবপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর সদর উপজেলার পিরুজালী মাস্টারপাড়া এলাকায় ক্রয়নামা দলিলের চৌহুদ্দী লঙ্ঘন করে প্রতিপক্ষের জমি দখল ও সাজানো মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়ার অভিযোগ উঠেছে গাজীপুর জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে। ভুক্তভোগী ও জমির মূল মালিকের দাবি, পেশাগত প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে তিনি প্রতিবেশী জাহাঙ্গীর আলমের ভোগদখলীয় সোয়া সাত শতাংশ জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

জমির মূল বিক্রেতা আয়নাল হক জানান, ২০০১ সালে সালাউদ্দিনের কাছে এবং ২০১১ সালে জাহাঙ্গীরের কাছে নিয়ম মেনে আলাদা চৌহদ্দিতে জমি বিক্রি করে দখল বুঝিয়ে দেয়া হয়। কিন্তু সালাউদ্দিন নিজের জমি হস্তান্তর করার পর পরিবারের প্রশাসনিক ক্ষমতার ভয় দেখিয়ে আয়নাল ও জাহাঙ্গীরের প্রতিনিধির বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হয়রানির শিকার পরিবারটি সুবিচারের আশায় স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও রেহাই পাননি বলে অভিযোগ করেন। বসতবাড়ি হারিয়ে ও আইনি হয়রানির শিকার হয়ে পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। অভিযুক্ত আইনজীবী সালাউদ্দিন তার দাবির পক্ষে দলিলের কথা বলেন। তবে মামলা ও ভাতিজার প্রভাব খাটিয়ে জমি জোর করে দখলে নেয়ার বিষয়ে প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।